বগুড়া ব্যুরো ও শিবগঞ্জ প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার ও সার সংকট নিরসনের দাবিতে এনসিপি নেতা জাহাঙ্গীর আলমের আমরণ অনশন অবশেষে টানা ১৯ ঘণ্টা পর শেষ হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসন তার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি অনশন প্রত্যাহার করে নেয়। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার–বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে উপস্থিত হয়ে তাকে ফলের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান। এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় দিকে শিবগঞ্জের প্রাণকেন্দ্র শহীদ মুগ্ধ স্কয়ারে এই অনশন শুরু করেন তিনি।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান বলেন, “জাহাঙ্গীর আলমের উত্থাপিত দাবিগুলো আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। বিশেষ করে উপজেলার বাইরে থেকে কোনো সারের ডিলার নিয়োগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিকেলে উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সকল ডিলারকে বিষয়টি বলে দেওয়া হয়েছে। বর্তমানে এই উপজেলায় সারের কোনো সংকট নেই। কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অনশনস্থলে উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম জানান, সারের ডিলার সিন্ডিকেট, পাচার এবং কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের নিদারুণ ভোগান্তিতে ফেলা হচ্ছিল। সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলা থেকে ডিলার নিয়োগের চেষ্টা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনা কৃষকের জীবন-জীবিকায় বড় আঘাত। এসব কারণেই আমি আমরণ অনশনে বসেছিলাম।
প্রশাসন আমার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে দাবির ব্যত্যয় ঘটলে আবারও একই কর্মসূচিতে ফিরে আসবো।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে দাবি মানায় অনশন ভাঙলেন এনসিপি নেতা
ডিসেম্বর ৫, ২০২৫


































