রফিক প্লাবন, দিনাজপুর :
শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষিকার সাথে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পড়াবেন কম, চর্চা করাবেন বেশি। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষার বাইরে নিয়ে যেতে হবে। তাদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীল ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার গুরুত্ব অনুধাবনের সময় এখনই। বিগত কয়েক বছরে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেবার সময় এসেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, তা ভেবে দেখতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া বাড়াতে হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, “শিক্ষকের কাজ শিশুদের স্বপ্ন দেখানো। তারা হবেন স্বপ্নবাজ। শিশুদের গড়ে তুলবেন আদর্শ নাগরিক রূপে। কথা, আচরণ, পড়াশোনা ও শৃঙ্খলায় তারা হবে অনন্য।”
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
সেপ্টেম্বর ১৭, ২০২৫
































