বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
ছোট-খাটো বিরোধ বিষয়ে মামলা নয়, সমঝতার মাধ্যমে সমাধানই উত্তম, এমন পরামর্শ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট( ব্লাস্ট) রংপুর ইউনিট।এ ছাড়া বড় ধরনের সহিংসতায় হতদরিদ্রদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে বেসরকারী আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্ট।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট( ব্লাস্ট) রংপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট দিলরুবা রহমান বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী-শিশু এবং পুরুষদেরকে বিনামুল্যে আইনী পরামর্শ, মধ্যস্থতা এবং মামলা দায়ের সংক্রান্ত আইনী সহায়তা দিয়ে থাকে ব্লাস্ট । এটি তৃনমুল পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনী, পরামর্শ ও সহায়তা প্রদান, বিকল্প বিরোধ নিস্পত্তি, মামলা ও মধ্যস্থতা পরিচালনা করে। ব্লাস্ট পারিবারিক, দেওয়ানী, বাল্য বিবাহ বন্ধ এবং সংবিধান বিষয়ক ইস্যুগুলো নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি আইন ও নীতি সংস্কারের মাধ্যমে মানুষের অধিকারের কার্যকর সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্লাস্ট গবেষণা এবং অ্যাডভোকেসী করে থাকে, যার অংশ হিসেবে জনস্বার্থে মামলাও পরিচালনা করে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
দরিদ্র জনগোষ্ঠী আদিবাসী, দলিত, হরিজন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিসহ সকল নারী ও শিশুদের বিনামূল্যে আইনী পরামর্শ ও সহায়তা প্রদান করার উদ্দেশ্যে শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রংপুর ইউনিটের আয়োজনে বিনামূল্যে আইন সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হবে। আইনজীবীদের উপস্থিতিতে আইন সচেতনতা, বিনামুল্যে আইনী পরামর্শ বা যেকোন ধরণের আইনগত সেবা গ্রহণে সকলেই অনুষ্ঠানে আমন্ত্রিত।
আমন্ত্রণ/এসিজি


































