আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট এবং বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাত ১১টায় রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে মিমুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দিনাজপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হবে। সেই লক্ষ্যে মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার এই আকস্মিক প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শামিমা সাত্তার মিমু কেবল একজন অ্যাথলেটই ছিলেন না, বরং মাঠ ও মাঠের বাইরে সমান দক্ষ সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া দক্ষ প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তার বলিষ্ঠ পদচারণা ছিল। বিশেষ করে দেশের নারী অ্যাথলেটিকসকে এগিয়ে নিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ লাভ করেন। এছাড়া ক্রীড়া সাংবাদিক ও লেখক সমিতি থেকে পেয়েছেন সেরা অ্যাথলেটের সম্মাননা।
তিনি ‘অনন্যা শীর্ষ দশ’ সহ ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে ‘কবি নূরল আমিন স্বর্ণপদক’ এবং বাংলাদেশ নারী উদ্যোগ কেন্দ্রের স্বর্ণপদকেও ভূষিত হয়েছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।


































