আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানির পরও খোঁদ হিলিতেই দাম বেড়েছে প্রতিকেজিতে ২০ টাকা।
মাত্র তিনদিনের ব্যবধানে দাম বাড়ার কারণ হিসেবে দুর্গাপূজার জন্য টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ হয়েছেন ক্রেতা সাধারণ।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। টানা ৬ দিন বন্দর বন্ধ থাকবে জন্য এসব কাঁচামাল গুদামজাত করে দামবৃদ্ধি করছেন আড়তদাররা।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর-হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। বুধবার (৯ অক্টোবর) তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
এদিকে, কয়েকদিন ধরে এ বন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। মঙ্গলবার (৮ অক্টোবর) একদিনে এ বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে তা ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, গত তিনদিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি। আজ দেখি ৯০ টাকা কেজি। আবার ভারত থেকে নাকি কয়েকদিন পেঁয়াজ আসবে না। তাহলে তো আরও দাম বাড়বে। এভাবে চললে আমরা চলব কি করে?’
কাঁচামরিচ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, আমরা হিলি স্থলবন্দরে বসবাস করি। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনো আমাদের ২০০ টাকা কেজির ওপরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।’
হিলি বাজারে খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম একটু কম। তবে পূজার জন্য পোর্ট বন্ধ। বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ মজুত করছে, দাম বেশি পাবার আশায়।’
হিলিবন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন মুঠোফোনে বলেন, পেঁয়াজে তেমন পরতা নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পরতা পড়ছে, লোকসান হচ্ছে। তাই কয়েকদিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি। বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানির পরও হিলিতেই বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম
অক্টোবর ১১, ২০২৪


































