প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক :
সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সামগ্রিকভাবে সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মাদক নির্মুলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান তিনি।
আলোচনা সভায় মাদকের কুফলের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব এবং সমাজে এর নেতিবাচক প্রতিফলন তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বীরগঞ্জে মাদকের ক্ষতিকর প্রভাবরোধে মাদকবিরোধী আলোচনা সভা
এপ্রিল ১১, ২০২৬


































