আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরলে ঝড়ে পড়ে যাওয়া গাছ নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যুগিহারী গ্রামে বৃহস্পতিবার (৭ মে) বিকালে এ ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত রইচ উদ্দীনের ছেলে মো. আনিছুর রহমান বাদী হয়ে বিরল থানায় পরদিন একটি এজাহার দায়ের করেছেন।
আনিছুর রহমান এজাহারে জানান, যুগীহারী গ্রামের মৃত আশরাফ আলী এর ছেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল (৪৭) একজন চাঁদাবাজী, সন্ত্রাসী ও ত্রাস এবং জনমনে ভীতির সঞ্চার সৃষ্টিকারী প্রকৃতির লোক। সে আমার ও আমার পরিবার পরিজনের নিকট অন্যায়ভাবে চাঁদা দাবী, নাশকতা, হামলাজনক কর্মে লিপ্ত হয়ে আমাদেরকে হয়রানীর মধ্য দিয়ে অবৈধভাবে কিছু দিন পূর্ব হতে উপরোক্ত আমার ও আমার পরিবার পরিজনের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি ও আমার পরিবার পরিজন তাকে টাকা দিতে রাজী না হলে আশরাফুল ইসলাম উজ্জ্বল এর ভাই মোঃ জিয়াউর রহমান জুয়েল (৪৮), মো. জিয়াউর রহমান জুয়েল এর ছেলে মো. তুষার (২৬), মো. তুহিন (২৪) এবং মৃত আশরাফ আলীর ছেলে মো. রবিউল ইসলাম কাজল (৪০) আমাদের শান্তিপূর্ণভাবে বসবাসে বিঘ্ন সৃষ্টি করেছে এবং তাদের দাবীকৃত টাকা না দিলে তারা আমাদেরকে এলাকায় বসবাস করতে দিবেনা বলে হুমকী ধামকী প্রদান করে।
বুধবার (৬ মে) বিকালে প্রাকৃতিক দূর্যোগে আমাদের বসতবাড়ীর পূর্ব পাশের্^র আমাদের জমিতে থাকা আম ও ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে আমাদের জমির ভিতর পড়ে। পরবর্তীতে গত ৭ মে বিকালে আমি ও আমাদের শ্রমিকগণ জমি থেকে গাছ সরাতে গেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল আমাদের বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে বলে যে, এখান থেকে গাছ সরাতে হলে টাকা দিতে হবে। আমি তাকে চাঁদা স্বরূপ টাকা দিতে রাজী না হলে সে আমাকে ও আমার স্ত্রী-কন্যাকে সহ আমার পরিবারের লোকজনদের রাস্তা-ঘাটে আটক করে টাকা আদায় করে ছাড়বে ও আমাদের মারপিট করবে বলে হুমকী দিয়ে চলে যায়। এই ঘটনার পর তারা পরস্পর যোগসাজস করে আমাদেরকে মারপিট করে দাবীকৃত চাঁদার টাকা আদায়ের পরিকল্পনা করে। অতঃপর আমার স্ত্রী মোছাঃ লিপি বেগম (৪৫) ও মেয়ে মৃদুলাকে (২০) হত্যার উদ্দেশ্যে মারপিট করে ৮ আনা ওজনের স্বর্ণে একটি চেইন অসৎ উদ্দেশ্যে টান দিয়ে ছিড়ে চুরি করে নেয়। আমার স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানী ঘটায়। আমার স্ত্রী ও কন্যার ডাকচিৎকার শুনে আমি ও আমার চাচা মোঃ মোস্তাকুল ইসলাম (৬৫), চাচাতো ভাই মো. রিয়াদ হোসেন (২৫) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদেরকেও হত্যার উদ্দেশ্যে মারপিটে গুরুতর আহত করা হয়। আমি, আমার স্ত্রী, মেয়ে, চাচা, চাচাতো ভাই এর অবস্থা বেগতিক দেখে প্রতিবেশিরা অজ্ঞাত অটোবাইক যোগে নিকটস্থ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জখমী আমার স্ত্রী লিপি, মেয়ে মৃদুলা, চাচা মোস্তাকুল ও চাচাতো ভাই রিয়াদ গণদের উক্ত হাসপাতালে ভর্তি করে নেয় এবং আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আনিছুর রহমান আরও বলেন, আমি ও আমার পরিবার পরিজন কঠিন পরিস্থিতি, চরম হতাশার মধ্যে জীবন যাপন করছি এবং নিরাপত্তাহীনতায় ভূগছি। দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আমন্ত্রণ/এজি
বিরলে প্রতিপক্ষের হামলায় আহত-৪, থানায় এজাহার দায়ের
মে ১০, ২০২৬
































