বগুড়া ব্যুরো :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, বেগম খালেদা জিয়া ও আমার নেতা তারেক রহমান এবং তার পরিবারের ওপর ১৮ বছর ধরে যে নির্যাতন জুলুম হয়েছে তা আর কোনো পরিবারের ওপর হয়নি। বর্তমানে তারা দুইজনই অসুস্থ। তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই পবিত্র রমজান মাসে আপনারা দোয়া করলে সেই দোয়া কবুল কবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আমি শুনেছি আমার দলের কিছু নেতাকর্মী নির্যাতিতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর সত্য মিথ্যা জানিনা। তবে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এখন থেকে আর কোনো মিথ্যা মামলা নেবেন না। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করার চিন্তা বাদ দেন। মিথ্যা মামলা থেকে কিভাবে মুক্তি পেতে কিভাবে তা আমরা জানি।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বগুড়ার শিবগঞ্জ সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে তাকে দেওয়া গণসংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, বিএনপি নেতা ডা. আশিক মাহমুদ ইকবাল, কেন্দ্রীয় যুবদল নেতা সোহানুর রহমান সোহান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাহাদৎ হোসেন, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
সংবর্ধনার আগে ডা. ফিরোজ মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার জিয়ারত ও পরে আলিয়ারহাট নিজ গ্রামে তার বাবার কবর জিয়ারত করেন। ডা. ফিরোজ মাহমুদ ইকবাল দীর্ঘ ১৮ বছর পর শিবগঞ্জ উপজেলায় ও নিজ বাড়ী আলিয়ারহাটে আসলে জনগণ তাকে এক নজর দেখার জন্য ভীড় জমান এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করে নেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাইয়ের চিন্তা বাদ দেন -বগুড়ার শিবগঞ্জে ডা. ফিরোজকে গণসংবর্ধনা
মার্চ ৬, ২০২৫
































