বগুড়া ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে বগুড়া-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেছে দলটি। একই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৷ সে হিসেবে তারেক রহমানের সঙ্গেই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে হচ্ছে। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।
আব্দুল্লাহ আল ওয়াকী ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক। তার বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর আজাদ পাম্পের কাছে। ৪৮ বছর বয়সী অনার্স-মাস্টার্স পাশ আব্দুল্লাহ আল ওয়াকী পেশায় শিক্ষকতা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিকল্পধারার প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে াংশ নেন। সেই সময় তিনি ৬২৭ ভোট পেয়েছিলেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, “এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি আজ থেকেই প্রচার প্রচারণায় নামছি। আশা করছি দল–মত নির্বিশেষে সবার সহযোগিতা পাব।”
তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছিলাম। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য৷ আমার দলীয় অন্য কোন পদ পদবী নেই।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া-৬ (সদর) আসন তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি
ডিসেম্বর ১০, ২০২৫
































