বগুড়া ব্যুরো :
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের আবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত দেন বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া এই আবেদন আদালতে দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক এমপি রিপু শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এই সম্পদের ভোগদখল করছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। এ অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করেছে।
এতে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে অভিযুক্তরা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তারা বিদেশে চলে গেলে তদন্ত ব্যাহত বা দীর্ঘসূত্রিতার শিকার হবে। এ কারণেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে র্যাব–১৪ গত বছরের ১৮ ডিসেম্বর রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে রিপুকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে স-পরিবারে গা ঢাকা দেন তিনি ৷ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে। পরে চারটি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সেপ্টেম্বর ১১, ২০২৫


































