বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাটদীঘি পুকুরপাড়ে বসবাসরত ভূমিহীন পরিবাররা।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার বাগমারা গ্রামের হাটদীঘি পুকুরপাড়ে শতাধিক ভূমিহীন বাসিন্দা। পুকুরপাড়ে বসবাসরত ভূমিহীন পরিবারের ওপর হামলা, অগ্নিসংযোগ ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে তারা এই আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩৭ বছর ধরে তারা ওই এলাকায় ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুভাষ চন্দ্র মাহাতো ও তার সহযোগীরা ভুয়া খতিয়ান তৈরি করে পুলিশের সহায়তায় হাটদীঘি পুকুরপাড় থেকে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। গত কয়েক মাস ধরে হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতির মাধ্যমে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তারা সরকারের কাছে নিরাপত্তা ও স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দাবি করেন।
পরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমিহীন পরিবারের নিরাপদ বসবাস, পুকুরে মাছ চাষের অনুকূল পরিবেশ এবং শিশু-কিশোরদের স্কুল–কলেজে যাতায়াতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
অভিযুক্ত সুভাষ চন্দ্র মাহাতো বলেন, “এই পুকুর ও পাড় আমাদের পারিবারিক সম্পত্তি। লিজ নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ চাঁদা দাবি করছে। আমি রাজি না হওয়ায় তারা সন্ত্রাসী কায়দায় পুকুর দখলের চেষ্টা করছে এবং আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করার চেষ্টা করিনি।”
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “পুকুরটির মালিকানা নিয়ে উচ্চ আদালতের রায় সুভাষ চন্দ্র মাহাতোর পক্ষে এসেছে। এর বিরুদ্ধে সরকারের আপিল মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে।”
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে ভূমিহীনদের মানববন্ধন
অক্টোবর ১৪, ২০২৫
































