কোটি টাকা ব্যয়ে কেনা প্যাথলজি বিভাগের আধুনিক যন্ত্রপাতিগুলো অকেজো রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার নিম্নমানের ও অস্বাস্থ্যকর শৌচাগারগুলো দীর্ঘদিন ধরে অচল সরকারি বরাদ্দের ওষুধ রোগীদের কাছে পৌঁছায় না
বগুড়া ব্যুরো:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে ‘স্থানীয় সর্বস্তরের জনগণ ও জুলাই যোদ্ধা’দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনা এবং দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার নিম্নমানের ও অস্বাস্থ্যকর। হাসপাতালের শৌচাগারগুলো দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে, যার ফলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরও অভিযোগ করা হয়, কোটি টাকা ব্যয়ে কেনা প্যাথলজি বিভাগের আধুনিক যন্ত্রপাতিগুলোও অকেজো অবস্থায় পড়ে আছে। এতে রোগীদের হাসপাতালের বাইরে থেকে বিভিন্ন পরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে।
এছাড়া, সরকারি বরাদ্দের ওষুধ রোগীদের কাছে নিয়মিত পৌঁছায় না বলেও অভিযোগ তোলা হয়। মানববন্ধনে উপস্থিত ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জোর দাবি জানান।
বক্তারা বলেন, দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে হাসপাতালের এই দুর্নীতি ও অব্যবস্থাপনার অবসান এখন সময়ের দাবি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শজিমেক হাসপাতালের দুর্নীতি অনিয়মেরপ্রতিবাদে জুলাইযোদ্ধাদের মানববন্ধন
সেপ্টেম্বর ৯, ২০২৫


































