বগুড়া ব্যুরো :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল। আগামী ৩০ নভেম্বর রবিবার বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া শহর আমীর আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেক্রেটারী আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আ ন ম মামুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আহসানুল হক, নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এহসানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইশা আন্দোলনের সহ সভাপতি ইসাহাক আলী, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শামীম আকতার পাইলট, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, মাওলানা আব্দুল হালিম বেগ প্রমুখ।
এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচী পালন করে আসছে।
যৌথসভায় নেতৃবৃন্দ বলেন- জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল । ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ৮ দলের লিয়াঁজো কমিটি গঠন ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা
নভেম্বর ২৫, ২০২৫
































