বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের চারমাথায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে এন এইচএসসি পরীর্ক্ষাথীর বাবা। তার নাম সুভাষ চন্দ্র ঘোষ। মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে সকালের নাস্তা করতে এসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান।সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে শহরের চারমাথায় এ ঘটনা ঘটে।সুভাষ চন্দ্র ঘোষ বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া ঘোষপাড়া এলাকার মৃত শশী মোহন ঘোষের ছেলে।
স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে সুভাষ চন্দ্র ঘোষ তার মেয়ে বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সম্পা রানীকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে মেয়েকে রেখে বাবা সকালের নাস্তা খাওয়ার জন্য শহরের চারমাথায় যান। সেখানে রাস্তা পারাপারের সময় একটি মটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সেখানেই তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে নাস্তা করতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার
জুলাই ১০, ২০২৫


































