বগুড়া ব্যুরো ও ধুনচট প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে স্কুলশিক্ষক নাছিম সেখের (২৬) বাড়িতে অবস্থান নিয়েছে তার প্রেমিকা নাছিমা খাতুন (২২) নামে এক কলেজছাত্রী। বিয়ের কথা বলে নাছিমাকে ডেকে এনে নাছিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। নাছিম সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, নাছিমা খাতুন প্রেমিক নাছিম শেখের বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় নাছিমা খাতুন তার প্রেমিক নাছিম সেখের বাড়িতে এসেছে। নাছিম তাকে ডেকে এনে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় নাছিমা এ সিদ্ধান্ত নিয়েছে। নাছিমা খাতুন সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছিম সেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রæতি দিয়ে নাছিমা খাতুনকে বৃহস্পতিবার বাড়িতে ডেকে এনে নাছিম সেখ কৌশলে নিরুদ্দেশ হয়।
এ বিষয়ে নাছিমা খাতুন জানায়, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাছিম তার সঙ্গে গোপনে একাধিকবার সময় কাটিয়েছে। এরপর থেকেই নাছিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছে নাছিম। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করি। নাছিম বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।
এদিকে বাড়ি ছেড়ে পলাতক থাকায় স্কুলশিক্ষক নাছিম সেখের মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে নাছিম সেখের বাবা রফিকুল ইসলাম বলেন, মেয়েটি বাড়িতে ওঠার পর আমার ছেলে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তার সন্ধান মিলছে না। তবে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা বলতে পারছি না। এ বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, এ ঘটনায় নাছিম সেখের বাবা বাদি হয়ে ওই মেয়েটির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন
নভেম্বর ১৯, ২০২৪
































