বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সাদাত হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। সাদাত ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা একই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত।
শিশুটির আত্মীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সাদাত তার নানার বাড়ি, শেরপুরের সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে। সকালে সে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। নদীর পানি কম হলেও পাশে গভীর খাদের কারণে সাদাত পা পিছলে পড়ে যায় এবং ডুবে যায়। শিশুদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এর আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ‘সকালবেলা আমাদের অজান্তেই সাদাত বাড়ি থেকে বেরিয়ে যায়। নদীতে তেমন স্রোত ছিল না, কিন্তু সে সাঁতার জানতো না।’ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন।
আমন্ত্রণ/এসিজি


































