বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার উপর আরোপিত দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৩ জুন) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
স্থগিতাদেশ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনছান আলী সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা এবং সদস্য সজল হোসাইন রহমত।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে পরবর্তীসময়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে তা কার্যকরও করা হয়েছে বলে জানা গেছে।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যে অভিযোগে এই পাঁচ নেতাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিলো তা নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় যুবদল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
আমন্ত্রণ/এসিজি


































