বগুড়া ব্যুরো :
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও ছাত্র হত্যাসহ পাঁচ মামলার আসামী অসীম কুমারকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি অসীম কুমার। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুুঁজছিল। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার অসীম কুমার পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় তার অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বর্তমানে সদর থানায় আছেন। আসামিকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ছাত্র হত্যাসহ পাঁচ মামলার সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস গ্রেপ্তার
নভেম্বর ২, ২০২৪
































