বগুড়া ব্যুরো :
বগুড়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে গণসংযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা ও এর আসে পাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকান্ডে মাধ্যমে প্রমাণ করে দেব।
তিনি আরো বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট সারাদেশে বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ছাত্রদলের ৩১ দফা দাবিতে গণসংযোগ
নভেম্বর ২৬, ২০২৪


































