জ্যৈষ্ঠ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী থেকে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামের এক যুবকের মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ ধান ক্ষেতের ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশ মরদেহের মাথার সন্ধান অব্যাহত রেখেছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে সাব্বির হোসেন সবুজের (৩০) মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মাথা এ সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
সাব্বির হোসেন সবুজ উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে।
পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
জানা যায়, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবায় একটি মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় সাব্বির হোসেন সবুজের পরিবারের লোকজন উদ্ধার হওয়া মরদেহের একটি বিশেষ চিহ্ন দেখে শনাক্ত করেন।
এর আগে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়ী থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সাব্বির হোসেন সবুজ । এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরে তার পরিবারের লোকজন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবুজের ছোটভাই সাদেক হাসান সজিব বলেন, তার বড়ভাই সাব্বির হোসেন সবুজ বাড়ির কাজ শেষে লোন (ব্যাংক ঋণ) নেওয়ার জন্য স্থানীয় আটপুকুরহাট শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন গিয়ে রাতেও বাড়ি না ফেরায় খোঁজ খবর শুরু করা হয়। এর এক পর্যায়ে গ্রামবাসীর কাছে জানতে পারেন অপরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গ্রাম ছাড়েন সাব্বির হোসেন সবুজ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকে আসেননি।
সাদেক হাসান সজিব নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত মরদেহটি তার বড়ভাই সাব্বির হোসেন সবুজের।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মস্তক বিহীন গলা থেকে কোমর পর্যন্ত এবং কোমর থেকে পা পর্যন্ত দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা উদ্ধারের কাজ চলছে। নিখোঁজ সবুজের পরিবার গত বুধবার (২৪ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তারই প্রেক্ষিতে পরিবারের লোকজন উদ্ধারকৃত মরদেহের শরীরে বিশেষ চিহ্ন দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী থেকে নিখোঁজের দুইদিন পর যুবকের মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ ধান ক্ষেতের ডোবা থেকে উদ্ধার
সেপ্টেম্বর ২৫, ২০২৫
































