রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ী দোকান কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে সাপ্তাহিক ছুটি, বেতনের সমপরিমাণ বোনাস, ৮ ঘণ্টার বেশি শ্রম দিলে অভারটাইমসহ ৪২ দফা দাবিতে বিক্ষোভসহ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় ৪২ দফা দাবিতে পৌর বাজার মসজিদ সড়কে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কমল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সংগঠনের সদস্য জাফর উলস্নাহ্ আনছারী, তাজুল ইসলাম, মিলন রহমান, রানা মন্ডল প্রমুখ।

সমাবেশে ফুলবাড়ী দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক ৪২ দফা দাবি শ্রমিকদের মাঝে উপস্থাপন করেন। ৪২ দফা দাবির মধ্যে উলেস্নখ্যযোগ্য হচ্ছে, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক ও কর্মচারীদের কোন ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না, ঈদ ও পূজায় শ্রমিক-কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে, কোন প্রতিষ্ঠান ৮ ঘন্টার বেশি শ্রমিক-কর্মচারীদের কাজ করালে তাকে অবশ্যই অভারটাইম অর্থ দিতে হবে, বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না, প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করে নিতে না পারলে, তা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে, চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করিতে হবে এবং বেতনভাতা বকেয়া রাখা চলবে না। সমাবেশে ফুলবাড়ী দোকান কর্মচারি ইউনিয়নের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। সমাবেশে শেষে ৪২ দফা দাবিতে ফুলবাড়ী দোকান কর্মচারি ইউনিয়নের উদ্যোগে পৌরশহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
ফুলবাড়ীতে ৪২ দফা দাবিতে দোকান কর্মচারি ইউনিয়নের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
মার্চ ১১, ২০২৪


































