আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় একিন আলী (৫০) ও আইয়ুব আলী (৫৫) নামের দুইজন রিকশাভ্যান আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর এলাকার নূর আলমের কীটনাশকের ওষুধের দোকানের সামনে।
নিহত একিন আলী ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে এবং আইয়ুব আলী একই ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গামী টাঙ্গাইল-ট-১১-০৩৪৫ নম্বরের পণ্যবাহী ট্রাকটি উপজেলার জয়নগর নামক স্থানে একই পথে যাওয়া রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান একিন আলী (৫০)। মুমূর্ষু অবস্থায় আইয়ুব আলীকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার আবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেহ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দিনাজপুর যাওয়ার পথেই তারও মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, ট্রাকের চালক ও হেলপারের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































