রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে বন্ধন দাস বল্টু (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত বন্ধন দাস বল্টু উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের দীলিপ চন্দ্র দাস ও খারুন রানী দাসের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার (১৯ আগস্ট) দুপুর আনুমানিক দুইটার দিকে খেলার সাথীদের সাথে বন্ধন দাস বল্টু (৬) বাড়ীর পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় আকস্মিকভাবে সে নদীর পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজনসহ প্রতিবেশিরা নদীর পানিতে খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শিশু বন্ধন দাস বল্টুর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশু বন্ধন দাস বল্টুর মৃত্যু হয়েছিল।
আমন্ত্রণ/এসিজি


































