আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুর শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভাঙ্গারী মালামালের গোডাউন থেকে সম্প্রতি চুরি যাওয়া বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তারসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর পৌরশহরের গুলপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে সাদিকুল ইসলাম (২৫), ভাস্করপট্টি’র রিয়াজ উদ্দীন শেখের ছেলে আব্দুর রশীদ সুমন (৩৫), মো. রূপ চাঁদ আলীর স্ত্রী মোছা. আসিয়া খাতুন (৪৫) ও তার ছেলে মো. সিয়াম (২২)।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী নতুন বাজারের স্ক্রাপ ব্যবসায়ী মাসুদের গোডাউন সংলগ্ন বাসা থেকে ও পুরাতন বাজারের সুমনের বাসা থেকে বিপুল পরিমাণে বৈদ্যুতিক মটর, বৈদ্যুতিক তার, গ্যাস সিলিন্ডার, ফ্যান, দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় স্ক্রাপ ব্যবসায়ী মাসুদের ম্যানেজার রূপ চাঁদ আলী’র স্ত্রী ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রæয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নতুন বাজারের ঢাকা মোড়, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে বেলাইচন্ডি এলাকায় বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তার কাটার সময় সাদেকুল ইসলাম সাদেককে (২৪) হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে অন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পার্বতীপুরে নেসকো অফিসের পক্ষ থেকে নিয়মিত রাত্রীকালীন টহল পরিচালিত হলেও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় নেসকো ও আরইবি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার কাটার ঘটনা ঘটছে।
যৌথ বাহিনী’র অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, সাথে ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদ হুসাইন রাজু। অভিযানে সার্বিক সহযোগীতা করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। পুলিশ সেনাবাহিনী, বিজিবিসহ গ্রাম পুলিশের সদস্যগণ এ অভিযানে অংশ নেন।
পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেপ্তারকৃতসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি সম্পদ চুরি ও অবৈধ স্ক্রাপ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সরকারি বৈদ্যুতিক তার চুরির কারণে এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, অনেক এলাকায় বিদ্যুৎ চালিত গভীর ও অগভীর নলকুপ বন্ধ রয়েছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবী জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ চারজন গ্রেপ্তার
ফেব্রুয়ারি ৪, ২০২৬


































