পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানন বালা বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কানন বালা ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, শুক্রবার সকালে কানন বালা তার স্বামী ও ছেলেকে নিয়ে বাড়ির পাশের রোপা আমনক্ষেতে নিড়ানি দিতে যান। ওই খেতের পাশ দিয়ে কিশোর কুমার দাসের গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ লাইন গেছে। দুপুরের দিকে স্বামী ও ছেলে কাজ শেষ করে বাড়িতে ফিরে গেলেও কানন বালা ঘাস কাটার জন্য ক্ষেতে থেকে যান।
একপর্যায়ে ঘাস কাটার সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রায় এক মাস আগে গভীর নলকূপটির বৈদ্যুতিক সংযোগ লাইনের তার চুরি হয়ে যায়। এরপর দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তবে সংযোগ বিচ্ছিন্ন না করায় তারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ওই বৈদ্যুতিক তারের কারণেই কানন বালার মৃত্যু হয়েছে। তারা ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
আগস্ট ২৯, ২০২৬
































