মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড় জেলা প্রশাসনের লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট প্রস্তুত করার অপরাধে পঞ্চগড়ের বোদায় চারটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বোদা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এম এম এল ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস ও মেসার্স বি*বি ব্রিকস নামক ০৪(চার) টি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া সহ এক্সক্যাভেটর দ্বারা ভেঙে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন। বোদা থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৪(চার) ধারা লংঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট প্রস্তুত করার অপরাধে এ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ের বোদায় গুড়িয়ে দেওয়া হলো লাইসেন্সবিহীন চারটি অবৈধ ইটভাটা
মার্চ ৬, ২০২৫


































