নীলফামারী সংবাদদাতা :
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমুলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবীতে শনিবার (১০ আগস্ট) নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দুপুরে শহরের শিবমন্দির প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ডালপট্টি থেকে ঘুরে চৌরঙ্গি মোড়ে ফিরে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সদর ও জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অগ্নি বীরের রংপুর বিভাগীয় সভাপতি টিকেন্দ্রজিৎ মিরু, জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্ষা রায়, আলিফ সিদ্দিকী প্রান্ত, মাহমুদ হাসান অয়ন ও অরিন্দম রায় নির্লয়, মহাজোটের সহসভাপতি হিরম্ভ কুমার রায়, বিশ্বজিৎ রায় ও ভোলা নাথ রায়, সনাতন গীতা সংঘের অধ্যক্ষ বাবু রাম গোপাল রায়, উপদেষ্টা পরিতোষ রায় প্রমূখ। এতে বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে।
বাংলাদেশ অগ্নি বীরের রংপুর বিভাগীয় সভাপতি টিকেন্দ্রজিৎ মিরু জানান, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের উপর হামলা হবে কেন? বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ হবে কেন? মন্দিরে হামলা কেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা একে অপরের পরিপুরক।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি জুয়েল রায় জানান, সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা।
আমন্ত্রণ/এসিজি
নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন
আগস্ট ১০, ২০২৪
































