বগুড়া ব্যুরো :
বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (আগস্ট) দুপুরে হাওরের ছাতিরচর করচবনের কাছে এ দুর্ঘটনা ঘটে। বনান্ত সাঁতার জানতেন না বলে তার বন্ধুরা জানিয়েছেন।নিহত বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও বনান্তের বন্ধুদের সূত্রে জানা যায়, শনিবার সকালে বনান্ত তার আট বন্ধুকে নিয়ে নিকলী হাওরে বেড়াতে আসেন। দুপুরে তারা নৌকা থেকে নেমে ছাতিরচরের করচবনের কাছে গোসল করতে যান।
বনান্তের খালাতো ভাই আলিফ জানান, তারা সবাই যখন কোমরসমান পানিতে হাঁটছিলেন, তখন হঠাৎ বনান্ত গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তারা নৌকার মাঝিকে ডাকেন। মাঝি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বনান্ত পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর মাঝির সহায়তায় বনান্তের লাশ উদ্ধার করা হয়। এরপর তাকে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
নিকলী হাওরে গোসল করতে নেমে বগুড়ার যুবকের মৃত্যু
আগস্ট ১০, ২০২৫
































