আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
নিউজিল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের ভোগান্তি কমাতে এবারও অনলাইন প্ল্যাটফর্মের ওপর জোর দিয়েছে বোর্ড।
বিসিবি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট (https://www.gobcbticket.com.bd/en)-এ-এ) প্রবেশ করে দর্শকরা নিজেদের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে টিকিট উন্মুক্ত হওয়ার পর দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী গ্যালারি ও আসন নির্বাচন করার সুযোগ পাবেন। আন্তর্জাতিক এই সিরিজের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রাম—দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টিকিটের মূল্য তালিকার ক্ষেত্রে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের (উপর ও নিচ) দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এছাড়া ভিআইপি বা আন্তর্জাতিক গ্যালারির উত্তর ও দক্ষিণ ব্লকের আসন পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়।
দর্শকদের পছন্দের ক্লাব হাউসের টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। সাধারণ গ্যালারির মধ্যে শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারি ৪০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়।
অন্যদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও প্রায় একই ধরনের মূল্যকাঠামো রাখা হয়েছে। সেখানে গ্র্যান্ডস্ট্যান্ড ও ছাদ অংশের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহিদ শ্রাবণ ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা, পশ্চিম গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় বিক্রি করা হবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল থেকে ঢাকায় ওয়ানডে সিরিজের মাধ্যমে মাঠের লড়াই শুরু হবে। মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ছোট ফরম্যাটের এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ৩টায়।
নিউজিল্যান্ড সিরিজের টিকিট, ঘরে বসেই কিনতে পারবে দর্শকরা
এপ্রিল ১২, ২০২৬
































