আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে ধুনট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলার বানিয়াজান সদরপাড়া এলাকার নিবারণ সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (৩৭) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বৌহাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে তরিকুল ইসলাম (২০)।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার একটি দল ধুনট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
জুন ৭, ২০২৬


































