আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে নার্গিস খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নেয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নার্গিস খাতুনের বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ৭–৮ বছর আগে শরিফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম জুমার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে ঘরের ভেতরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।
নিহতের স্বজনদের দাবি, নার্গিস খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ জন্য বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জানুয়ারি ৩০, ২০২৬
































