আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ব্যারিস্টার স্কলারশিপ পেয়েছে উপজেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থী।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জিমকল ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত ব্যারিস্টার স্কলারশিপ পরীক্ষায় উপজেলার ৩৫টি উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
স্কলারশিপ পরীক্ষায় ধুনট সরকারি নইমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফ আল হাসান প্রথম, একই বিদ্যালয়ের ছাত্র স্বাধীন রানা দ্বিতীয় এবং মথুরাপুর মুলতানী পারভনি শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নওশিন জাহান নিঝুম তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিকা বিএম ফারুক হোসেন। বিকেল ৩টায় ব্যারিস্টার স্কলারশিপ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার স্কলারশিপের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন এবং জয়পুরহাট জেলার যুগ্ম ও দায়রা জজ রাসেল মাহমুদ।
ব্যারিস্টার স্কলারশিপ প্রদান কমিটির আহ্বায়ক বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রধান শিক্ষক এনামুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর হাসান, কৃতি শিক্ষার্থী লিজা খাতুন, আরবী আকতার ও সুরাইয়া আকতার।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার স্কলারশিপপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।আব্দুর রাজ্জাক আশিক ধুনট বগুড়া
আমন্ত্রণ/এজি
ধুনটে ব্যারিস্টার স্কলারশিপ পেল ৩০ মেধাবী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত বিএম ফারুক হোসেন
ডিসেম্বর ২৬, ২০২৫
































