আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমা ময়দান হাজারো মুসল্লির ইবাদত-বন্দেগি, জিকির-আজকার ও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ফজরের নামাজ আদায়ের পর বগুড়া মার্কাজের মুরুব্বি মুফতি মাসিহুর রহমানের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা রবিউল ইসলাম রবি জানান, টঙ্গি বিশ্ব ইজতেমাকে সফল করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই ইজতেমার আয়োজন করা হয়েছে। আহলে হক ওলামায়ে কেরামের অধীনে শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন দেশ-বিদেশ থেকে আগত হাজারো মুসল্লি।
প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশের আগত মুরুব্বিরা তাবলিগের ছয় উসুলের আলোকে দাওয়াতে দ্বীনের গুরুত্ব তুলে ধরে বয়ান দিচ্ছেন।
বয়ানে মুরুব্বিরা বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী ও ধোঁকার ঘর। দুনিয়ার মিছে আরাম-আয়েশে মগ্ন না হয়ে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তারা। কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা বয়ান শোনা, তাশকিল এবং তাসবিহ-তাহলিলে সময় কাটাচ্ছেন। তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। শীতবস্ত্র মুড়িয়ে তারা ইজতেমার কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠান সম্পন্ন করতে মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































