আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হওয়া এক কিশোরী শিক্ষার্থীকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারী পল্লী চিকিৎসক আব্দুল লতিফকে (৫৬) গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আব্দুল লতিফ উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বাসিন্দা।
এর আগে রোববার (১৩ জুলাই) রাতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক এবং ভিকটিমকে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বাঁশপাতা গ্রামের বাসিন্দা শাহ জামালের মেয়ে আমিনা খাতুন (১৫) মথুরাপুর আমিনা-ময়েন সিনিয়র মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে মাদরাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফের কু-প্রস্তাবে বারবার বিরক্ত হচ্ছিল। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে ধেরুয়াহাটির ফাঁকা রাস্তায় তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় লতিফ।
এ ঘটনায় মেয়েটির বাবা শাহ জামাল ১১ জুলাই ধুনট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর তদন্তে নামে পুলিশ এবং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী বলেন, ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আব্দুল লতিফের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন ও হয়রানির অভিযোগ রয়েছে। তার দুটি স্ত্রী ও দুটি সন্তান রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে অপহরণের ৫দিন পর উদ্ধার হলো মাদরাসাছাত্রী, পল্লী চিকিৎসক গ্রেফতার
জুলাই ১৫, ২০২৫
































