মো. আসতারুল আলম, দিনাজপুর :
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে দিনাজপুরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী অংশ নেন।
আজ শুক্রবার (৮ মে) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এসময় তারা “ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”, “জীবাশ্ম মুক্ত বাংলাদেশ চাই”, “সৌর শক্তি বাড়াও, দূষণ কমাও”এবং “আমার ভবিষ্যৎ, আমার অধিকার”সহ নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় কো-অর্ডিনেটর জিলহজ্জ সরকার, দোস্ত এইড বাংলাদেশের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জব্বার, ইয়ুথনেট গ্লোবালের দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর আব্দুল আহাদ আল মামুন, ক্লিন দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, ভিএসডিএ’র প্রজেক্ট অফিসার মো. শামিম, মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সাধারণ সম্পাদক লাবনী দেবনাথ, সমাজকর্মী মকিদ হায়দার, এইচএসটিইউ স্কিল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট রোকসানা আফরোজ এবং দিনাজপুর জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি ওমর আলী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে সৌরশক্তি, বায়ুশক্তি ও বায়োগ্যাস খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।
ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় কো-অর্ডিনেটর জিলহজ্জ সরকার বলেন, “তরুণ প্রজন্ম এখন জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। তাই নবায়নযোগ্য শক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।”
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জব্বার বলেন, “জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এতে পরিবেশ রক্ষা হবে এবং জ্বালানি খাতে বৈদেশিক নির্ভরতাও কমবে।”
ইয়ুথনেট গ্লোবালের দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর আব্দুল আহাদ আল মামুন বলেন, “আমাদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই এখন সচেতনতা ও আন্দোলনের বিকল্প নেই। সরকারকে বাস্তবভিত্তিক রোডম্যাপ নিয়ে এগিয়ে আসতে হবে।”
মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সাধারণ সম্পাদক লাবনী দেবনাথ বলেন, “রুফটপ সোলার, ব্যাটারি স্টোরেজ ও স্মার্ট গ্রিড ব্যবস্থার সম্প্রসারণ করা গেলে দূষণ কমবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”
সমাবেশে বক্তারা আরও বলেন, সরকারের ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১ দশমিক ৫ থেকে ২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব হবে। এজন্য দ্রুত সুস্পষ্ট, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।
ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল, ৩৫০ বাংলাদেশ ও মুক্ত চিন্তা যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সহযোগী হিসেবে অংশ নেয় দোস্ত এইড বাংলাদেশ, নক্ষত্র যুব কল্যাণ সংস্থা, ভিএসডিএ, ক্লিন মসজিদ বাংলাদেশ, ক্লিন দিনাজপুর, রূপান্তর, স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি, দিনাজপুর কমিউনিটি ফোরাম ও নকশি কুঠ।
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে একই দিনে দেশের ৫০টি জেলায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের রোডম্যাপ দাবিতে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা
মে ৮, ২০২৬
































