কাশী কুমার দাস, দিনাজপুর :
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একযোগে সারাদেশের মতো দিনাজপুর জেলা শাখা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালন ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, সমাজ কল্যাণ সম্পাদক ডা. খাদিজা নাহিদ ইভা ও প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অঙ্গ, যেখানে সবাই নির্বিঘেœ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। সার্বজনীন এ উৎসবে দেশের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে থাকে। এ ধরনের বৃহৎ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সার্বজনীন এই শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালনের ক্ষেত্রে বাংলাদেশের পূজা মন্ডপ, মন্দির ও এর আশপাশ এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল নিয়ন্ত্রণ কক্ষ ও পর্যাপ্ত জনবল মোতায়েনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করি আপনার আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সার্বজনীন এই উৎসবে সকল নাগরিক ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্বিঘ্নে এই শারদীয় দুর্গোৎসব উদযাপনে অংশ নিতে পারবেন এবং সুস্থ-সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। বিকেলে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
সেপ্টেম্বর ১৬, ২০২৫


































