রফিক প্লাবন, দিনাজপুর :
দলিত আদিবাসী জনগোষ্ঠীকে নিজেদের সম্পদ রক্ষার জন্য নিজেদেরকেই সংগঠিত হতে হবে। বিপদের সময় প্রশাসনকে জানালেও তারা তাদের রক্ষায় এগিয়ে আসেন না। এমন অবস্থায় নিজেদের জানমাল নিজেদেরকেই রক্ষা করা ছাড়া কোন উপায় নেই। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও হেক্স/ইপার এর আয়োজনে দিনাজপুর জেলা এ্যাডভোকেসি প্লাটফর্ম এবং প্রকল্প অংশগ্রহনকারীদের এক সমন্বয় সভায় নেতৃবৃন্দ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সভায় ৩০ জন দলিত ও আদিবাসী অংশগ্রহন করেন।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্ত ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় এ্যাডভোকেসি প্লাটফর্ম কনভেনশন কমিটির সমন্বয়ক পার্থ বোস। এছাড়াও বক্তব্য রাখেন হেক্স/ইপার এর টেকনিক্যাল অফিসার (রাইটস এন্ড এনটাইটেলমেন্ট) পাপন কুমার সরকার, দিনাজপুর এ্যাডভোকেসি প্লাটফর্মের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, ইএসডিও ঠাকুরগাঁও জেলার প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকিন, দিনাজপুর জেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সহ-সভাপতি রাবেয়া খাতুন রানু, সাধারণ সম্পাদক আলবিনুস টুডু। সভা পরিচালনা করেন সদর উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল।
মুক্ত আলোচনায় অংশ নেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন, দিনাজপুর এ্যাডভোকেসি প্লাটফর্মের যুগ্ম সাধারণ সম্পাদক রংলাল বাসফোর, ফুলবাড়ী উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক কমর কিস্কু, পার্বতীপুর উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি বদরুদ্দোজা বুলু, সাধারণ সম্পাদক অজয় বাসফোর, বীরগঞ্জ উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি এডওয়ার্ড হেমরম, কাহারোল উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক কমল কিস্কু, রিপন মার্ডি, শিবানী উড়াও, মানিক সরকার মুর্মু, রাজা হেমরম, তৃনা মার্ডি, সনতি মার্ডি, রুনু মিনজি প্রমুখ।
মুক্ত আলোচনায় আলোচকগন সরকার পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর দোকানপাট এবং বাড়ীঘরে হামলা অগ্নিসংযোগের সুনির্দিষ্ট অভিযোগ আনেন। দিনাজপুর সদরের আদিবাসীদের ভোগকৃত একটি পুকুরের প্রায় ১০ লক্ষ টাকার মাছ লুটপাটেরও অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে এ্যাডভোকেসি প্লাটফর্ম নেতৃবৃন্দ বলেন, সবসময়ই লুটেরা গোষ্ঠী সুযোগ খুজে কখন কিভাবে লুটপাট করা যাবে। কিন্তু প্রশাসন তাদেরকে দমন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় নিজেদের সম্পদ নিজেদেরকেই রক্ষা করতে হবে। সভায় অতি শিঘ্রই রংপুরে এ্যাডভোকেসি প্লাটফর্ম গুলোর কনভেনশন অনুষ্ঠিত হবে জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি


































