দৈনিক আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ঈদুল ফিতরে হলে মুক্তি পায় ঢালিউডের ১১ সিনেমা। এটি ছিল রীতিমতো একটি রেকর্ড। দেশে এর আগে একসঙ্গে এতগুলো ছবি মুক্তি পেয়েছে বলে কখনও শোনা যায়নি। তীব্র দাবদাহে মানুষ ঘরবন্দি ঈদ কাটিয়েছে এবার বলা যায়। তবু দর্শক পেয়েছে কিছু ছবি। যার মধ্যে ‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘লিপস্টিক’ অন্যতম।
ঈদের পর কেটে গেছে তিন সপ্তাহ। এ সময়ের মধ্যে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। অবশেষে সেই বিরতি কাটছে। ঈদের চতুর্থ সপ্তাহে আজ মুক্তি পাচ্ছে নতুন দুটি সিনেমা। এর একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।
শ্যামা কাব্য সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তির কথা ছিল। কিন্তু হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। গেল রোজার ঈদেও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল। শেষ পর্যন্ত এটি প্রেক্ষাগৃহে আসছে আজ। ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে ছবিটি।
সরকারি অনুদানে নির্মিত শ্যামা কাব্য পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সৌদ বলেন, ‘অভিনয়শিল্পীদের নিয়ে এ সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিলেন। শুধু শিল্পী না, সিনেমার যত কলাকুশলী আছেন সবাই শতভাগ ইফোর্ট দিয়েছেন।’
সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এ রকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এ সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড়পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’
মুক্তির আগেই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রশংসা কুড়িয়েছে শ্যামা কাব্য। গত বছর প্যারিসে আয়োজিত গঁজ সুর সোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এ সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ, সেরা সম্পাদনাÑমোট চার বিভাগে পুরস্কার লাভ করে। এ ছাড়া সিটি অব প্যারিস আয়োজনে গঁজ সুর গারোনে চলচ্চিত্র উৎসব-২০২৩-এ স্পেশাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে শ্যামা কাব্য।
এদিকে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেডবডি সিনেমা। আজ ছবিটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সব কটি সিনেপ্লেক্সেও।
ছবির মুক্তি সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছেন পরিচালক। প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় শোডাউন ও গরমে তৃষ্ণার্তদের মধ্যে পানি বিতরণ করেছে ডেডবডি সিনেমার টিম।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘ডেডবডি আজ সারা দেশে মুক্তি পেয়েছে। ভৌতিক গল্পে ছবিটি বানিয়েছি। এতে শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। ছবির গানগুলো নিয়েও সাড়া পাচ্ছি। তবে এর ভিএফএক্স দর্শককে মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশা করছি।’
গত বছর অক্টোবরে ঢাকায় মহরত হয় ছবিটির। সে মাসেই বান্দরবানে হয় শুটিং। এতে জিয়াউল রোশানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে অন্বেষার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। শুটিংয়ের সময় তার মেকআপ-গেটআপ আলাদা করে নজরে এসেছিল। ডেডবডির অন্যতম আকর্ষণ হচ্ছে নাটক ও ওটিটির অভিনেতা শ্যামল মাওলা। প্রথমবারের মতো তিনি এমন বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করেছেন।
হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। গল্পের প্রয়োজনে শুটিংয়ের জন্য বান্দরবানের দুর্গম এলাকা বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রোশান। নায়ক রোশানের দাবিÑঅ্যাকশন যারা পছন্দ করেন তাদের এ ছবি ভালো লাগবে। আবার থ্রিলও পাবেন। এটি উৎসবেরই ছবি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।
তিন সপ্তাহ পর মুক্তি পাচ্ছে দুই সিনেমা
মে ৪, ২০২৪


































