আব্দুর রাজ্জাক আশিক ধুনট, (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের আলোয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম এ ওয়াদুদ ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) থেকে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২২ জন সদস্য বিজয়ী হন, যার মধ্যে এডভোকেট এম এ ওয়াদুদ কার্যনির্বাহী সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রসঙ্গত, এডভোকেট এম এ ওয়াদুদ দীর্ঘ আট বছর ধরে ঢাকা বার এবং ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বয়ে গেছে।
বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডভোকেট এম এ ওয়াদুদ বলেন, “গণতন্ত্রই সুশাসনের মূল ভিত্তি, আর জাতীয়তাবাদী ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে সেটিরই প্রতিফলন ঘটেছে। এই বিজয় আমার একার নয়, এটি সকলের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার ফসল। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”
এডভোকেট এম এ ওয়াদুদের এই বিজয়ে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।
আমন্ত্রণ/এসিজি
ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন ধুনটের কৃতি সন্তান এডভোকেট এম এ ওয়াদুদ
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































