গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ভাঙ্গচুর, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা লুটের ঘটনায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরো ৩০০ থেকে ৪০০ জন।
গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও গোবিন্দপুর মহল্লার আকতার হোসেনের ছেলে মো. ফরিদ হোসেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন গত ২০২২ সালের ৮ অগাষ্ট সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের দেশব্যাপী স্বৈরচারী শেখ হাসিনার বিরুদ্ধে কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র পশ্চিম চারমাথার কার্যালয়ের সামনে মিছিল বের করলে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে লাঠিসোটা, লোহার রড, কুড়াল, শাবল, ছুরি, ছোড়া, চাইনিজ কুড়াল, হকিস্টিক, ককটেল, অগ্নেয়াস্ত্র সহ নানা ধরণের অস্ত্রে সজ্জিত হয়ে সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি (৫৫), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল (৪৫), সাবেক উপজেলা চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, তালুক কানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক (৪৫), কামারদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন (৫৫) ও বর্তমান চেয়ারম্যান তৌকির হাসান রচি (৩৫), দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জজর্ (৫৫), সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আতিকুর রহমান আতিক (৪২) সহ অন্যান্য এজাহারভুক্ত নামীয় ও অজ্ঞাতনামা আসামীরা দলীয় কার্যালয়ে অনুপ্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতিসাধাণ, অফিসের ড্রয়ার থেকে নগদ ৩ লাখ টাকা লুট করে, এবং অফিসে অগ্নিসংযোগ করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বিএনপি কার্যালয়ে থাকা ২টি মোটরসাইকেল পুড়ে ফেলে তারা। তাদেরকে বাধা দিতে গিয়ে ফারুক আহমেদ, আমিনুল ইসলাম, ডিউক চৌধুরী, শাহজামাল, আতিকুর রহমান রহমান, মনির হোসেন, চঞ্চল, লিপন সহ অনেককেই গুরুতর আহত হয়।
মামলার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আসামিরা আত্ম গোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর অর্থলুটের ঘটনায় সাবেক এমপিসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা
নভেম্বর ৯, ২০২৪
































