বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত ‘হোটেল সান অ্যান্ড সি-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হোটেলটিতে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায়, জিলাপি, পরোটা ও সিঙ্গারাসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে সরকার নিষিদ্ধ ‘হাইড্রোজেন’ও ‘সাল্টু’এবং পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া হোটেলের রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, তৈরি করা খাবারের ওপর ইঁদুরের বিচরণ এবং ফ্রিজের ভেতরে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে স্তূপ করে রাখার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল সান অ্যান্ড সি-কে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে আইনানুযায়ী নিষিদ্ধ রাসায়নিকগুলো জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশনের জন্য হোটেল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
খাবারে ইঁদুরের দৌড়ঝাঁপ, নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার বগুড়ায় হোটেল সানঅ্যান্ডসিকে এক লাখ জরিমানা
জানুয়ারি ১২, ২০২৬
































