আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাপড়ের মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে নতুন পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ফলে উপজেলার প্রধান মার্কেটগুলো এখন মুখর হয়ে উঠেছে ঈদবাজারের আমেজে।
মার্কেট ঘুরে দেখা যায়, শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবার জন্য নানা ধরনের পোশাক সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, থ্রি-পিস, গাউন, শাড়ি, লেহেঙ্গা ও বাচ্চাদের পোশাকের পাশাপাশি বিভিন্ন নতুন ডিজাইনের কাপড়ও এসেছে বাজারে।
বিশেষ করে মেয়েদের পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি, ফারসি (ইরানি), তুর্কি ও ভারতীয় ডিজাইনের থ্রি-পিস ও গাউনের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এসব পোশাকের আকর্ষণীয় ডিজাইন ও সূক্ষ্ম কাজ ক্রেতাদের নজর কাড়ছে।
ক্রেতা সাইফুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে পরিবারের সবার জন্য কাপড় কিনতে এসেছি। বাজারে বিভিন্ন ধরনের নতুন পোশাক এসেছে, তবে আগের তুলনায় দাম কিছুটা বেশি মনে হচ্ছে।”
তরুণী ক্রেতা সাবরিনা আক্তার বেবি বলেন, “পাকিস্তানি ও ফারসি ডিজাইনের ড্রেসগুলো দেখতে সুন্দর। দোকানদাররা বলছেন এগুলো বিদেশি অরিজিনাল কাপড়, তবে একই ধরনের কাপড় বিভিন্ন দামে পাওয়া যায় বলে একটু দেখে-শুনে কিনতে হচ্ছে।”
আরেক ক্রেতা মেরাজ সরকার বলেন, “বাচ্চাদের জন্য সুন্দর কিছু পোশাক কিনতে এসেছি। ঈদের আনন্দটাই হচ্ছে নতুন কাপড় পরা। তাই ভিড় হলেও মার্কেটে আসতেই হয়।”
অন্যদিকে ব্যবসায়ীরাও ঈদকে কেন্দ্র করে ভালো বেচাকেনার আশা করছেন। ফুলবাড়ী বাজারের এক কাপড় ব্যবসায়ী সোহেল রানা বলেন, “রমজানের শুরুতে বেচাকেনা কম ছিল। এখন প্রতিদিনই ক্রেতার ভিড় বাড়ছে। ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।”
আরেক ব্যবসায়ী মুক্তার শেখ বলেন, “এবার দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি, ফারসি ও ভারতীয় ডিজাইনের কাপড়ের চাহিদাও বেশ ভালো। আমরা বিভিন্ন নতুন কালেকশন এনে দোকান সাজিয়েছি।”
ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে ততই মার্কেটে ক্রেতাদের চাপ বাড়বে। নতুন পোশাক কেনার আনন্দে ফুলবাড়ীর মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের প্রস্তুতিতে।
আমন্ত্রণ/এজি


































