ঘোড়াঘাট সংবাদদাতা :
দিনাজপুরের ঘোড়াঘাটে আলিম পরীক্ষায় কেন্দ্রের বাহিরে প্রশ্নের উত্তরপত্র লেখার সময় দুইজন শিক্ষককে আটক করা হয়েছে। একই সঙ্গে ৯টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোনসহ গাইড বই জব্দ করা হয়েছে।
রোববার (৭ জুলাই) উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কৃষ্ণরামপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান-নুর-ইসলাম ও দেওগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম।
জানা গেছে, রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় কশিগাড়ী জামে মসজিদে কিছু লোকের সমাগম দেখে গাড়ী থামিয়ে মসজিদের দিকে যাওয়ার সময় শিক্ষকরা ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি করে পালিয়ে যাওয়া চেষ্ঠা করেন। এ সময় গাড়ীতে থাকা আনসার সদস্যরা ২ জন শিক্ষককে আটক করে। ঘটনার পর পরই সেখানে ঘোড়াঘাট থানা পুলিশ উপস্থিত হয়ে ৯টি মটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও বাংলা গাইড বই জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান,রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল মইনুল ইসলাম বাদী হয়ে আটক ২ জনসহ আরও অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি


































