মো. আসতারুল আলম, দিনাজপুর :
দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, “মানুষ বলাবলি করছেন আপা আসবে, আপা আসবে—তারা মিথ্যা বলেনি। আপা জাপার উপর ভর করে ফিরে আসার পরিকল্পনা করছে। তাই আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলের কোনো বিকল্প নেই।”
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রদত্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, হামলাকারীরাও চিহ্নিত হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল, সাংগঠনিক সম্পাদক আজিম আহমেদ সঞ্চয়সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
































