মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘির মুরইল আইডিয়ালকেজি স্কুলের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভিকটিমের মা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামে সুমিত্রা রানী বাদি হয়ে পাশের দত্তবাড়ি গ্রামের মাহবুবের ছেলে মো. জয় (১৬) তার বাবা মাহবুর (৪০) ও আবুল হোসেনের ছেলে সুমন (৩০) এর বিরুদ্ধে আদমদীঘি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া আসার সময় জয় নামের উক্ত কিশোর মো. জয় উত্যক্ত ও কু-প্রস্তাব দিতো। এ ঘটনা জানাজানির পর ছাত্রীর পরিবার থেকে মো. জয় এর পরিবারকে অবগত করেন। এরপর কোন সুরাহা না করে উপরন্ত ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগষ্ট সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে মুরইল বাজারের সামনে রাস্তায় পৌঁছিলে তার ইচ্ছার বিরুদ্ধে জয়সহ অপর সহযোগিরা জোরপুর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। একজন দারোগাকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্তপূর্বক দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ
আগস্ট ২১, ২০২৫


































