বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের মামলায় যুবলীগনেতা মাসুদ রানা উজ্জ্বলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ রানা উজ্জ্বল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।
পুলিশ ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পিছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিন বিকালেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তার উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।
আদমদীঘিতে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মার্চ ২১, ২০২৪
































