মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা কার্যালয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিজিডিএ কর্তৃক অ্যান্টিবায়োটিকের জন্য ওষুধ ও প্রসাধনী আইন ২০২৩ সহ ফার্মাসি খুচরা বিক্রেতাদের জন্য দিনব্যাপী সংবেদনশীল কর্মশালা দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মঞ্জুর মোর্শেদ।
উক্ত কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে এএমআর প্রতিরোধে স্টেকহোল্ডারদের ভূমিকা শীর্ষক বিষয়ে উপস্থাপন করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গীস আক্তার। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহ নেওয়াজ। বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইশরাত শারমিন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। বিসিডিএস দিনাজপুর জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. মমিনুল ইসলাম।
উক্ত কর্মশালায় বিসিডিএস দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত বিসিডিএস’র প্রতিনিধিবৃন্দ ও দিনাজপুর শহরের বিভিন্ন ফার্মেসীর মালিকগণ এতে অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
সেপ্টেম্বর ২৪, ২০২৪


































