বগুড়া অফিস :
আগামী ৯ অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সে হিসেবে আর বাকি আছে মাত্র কুড়ি দিন। পূজাকে কেন্দ্র করে বগুড়ার প্রতিমা তৈরির শিল্পীদের এখন দম ফেলার সময় নেই। দিনরাত পরিশ্রম করে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার রুপ। সময়মত প্রতিমা পৌছে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা শিল্পীরা। অন্যদিকে আয়োজকরাও মন্ডপসজ্জা থেকে শুরু করে কিভাবে আলোকসজ্জা হবে তার পরিকল্পনা করছেন।
বগুড়ার পুরোহিত প্রদীপ চক্রবর্তী জানান, আগামি ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের শুরুতে দেবী দুর্গা মর্তে আগমন ঘটবে। ৮ অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ অক্টোবর যষ্ঠি পূজায় উৎসব শুরু হবে। শেষ হবে ১২ আক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। তবে এবার পুজার আনুষ্ঠানিকতা একদিন কম হবে। নবমী-দশমী একদিনে হওয়ায় পূজার আনন্দ কিছুটা কমে যাবে।
এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে চড়ে ও গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। আর এই বিশেষ ক্ষণের জন্য দিন গুণছেন ভক্ত অনুরাগীরা।চলতি বছর আবহাওয়া অনুক‚লে থাকায় বগুড়া সদরসহ আশেপাশের বিভিন্ন মন্ডপে শিল্পীরা মন্ডপ এবং মন্ডপের বাইরে প্রতিমা তৈরির কাজ শুরু করছেন জোরেশোরে। শিল্পীরা প্রতিমার গায়ে কাদামাটির প্রলেপ লাগাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
প্রতিমার গড়ন আসার পর সেগুলো রোদে শুকিয়ে রং তুলির আচড় এবং অলংকরণ করে ফুটিয়ে তুলবেন দেবী রুপে। তাদের হাতের শৈল্পিক ছোয়ায় দৃষ্টিনন্দন হয়ে উঠবে এক একটি প্রতিমা। বগুড়া সদরের উত্তর চেলোপাড়া নব বৃন্দাবন হরিবাসর মন্দির প্রাঙ্গনে প্রতিবছর প্রতিমা তৈরি করেন কাজল চন্দ্র প্রামানিক। তিনি জানান, এবছর বগুড়া সদরসহ আশেপাশের উপজেলা থেকে প্রায় ১৯টা প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন। এদিকে শ্রমিক সংকটের কারণে গতবারের চেয়ে এবার প্রতিমার অর্ডার কম নিয়েছেন। নিত্যপণ্যের দাম বাড়ার কারণে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে।
কারিগর শ্রমিকদের খরচও বেড়েছে। সব মিলিয়ে হিমসিম খেতে হচ্ছে তাকে। তবুও সাজসজ্জা ও কাজের ওপর নির্ভর করে প্রতি প্রতিমা ২০ থেকে ৪৫ হাজার টাকায় অর্ডার নিয়েছেন। আবহাওয়া ভাল থাকলে এবং কোন সমস্যা না হলে সময়মত সব প্রতিমা ডেলিভারি দিবেন। অপরদিকে চেলোপাড়ার অপর প্রতিমা তৈরির কারিগর জয়ন্ত কুমার জানান, গতবছর তিনি মন্ডপে মন্ডপে গিয়ে প্রতিমা বানিয়ে দিয়ে এলেও এবছর তিনি তাদের বাড়িতেই প্রতিমা বানাচ্ছেন। তিনি তিন প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ২০ থেকে ৩০ হাজার টাকায়।
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল জানান, এ বছর বগুড়ায় সর্বমোট ৬৩০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বক্ষণিক তদারকির জন্য জেলা-উপজেলায় মনিটরিং সেল গঠন ও পূজা মন্ডপ নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশনা দেয়া ছাড়াও মন্ডপগুলোতে উচ্চস্বরে মাইক ও গান বাজনা পরিহার করে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও প্রতিটি মন্ডপে সি সি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়াসহ বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ৬৩০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন : পূজা মন্ডপ নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক টিম, উচ্চস্বরে মাইক ও গান বাজনা পরিহার প্রতিটি মন্ডপে সি সি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে
সেপ্টেম্বর ১৯, ২০২৪

































