আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
সময়ের সঙ্গে বদলেছে সংবাদমাধ্যমের ধরন, ভাষা ও প্রযুক্তি। তবে সত্য প্রকাশ এবং মানুষের কথা তুলে ধরার দায়বদ্ধতা থেকে সরে আসেননি তিনি। প্রায় চার দশক ধরে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন বগুড়ার ধুনটের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকাশনা উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
রফিকুল আলম দৈনিক করতোয়া ও কালের কণ্ঠের ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখ, জীবনসংগ্রাম, জনদুর্ভোগ, অধিকার ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরে তিনি পরিচিতি অর্জন করেছেন। তাঁর কাছে সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক অঙ্গীকার।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও রয়েছে তাঁর অবদান। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় কবিতাপত্র ‘রক্তাক্ত হৃদপিণ্ড’। বর্তমানে তিনি ‘মানাস মিডিয়া ডটকম’ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি ধুনট প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
১৯৬৭ সালে ধুনট উপজেলার শ্যামগাঁতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিকুল আলম। তাঁর বাবা প্রয়াত আজাহার আলী সেখ এবং মা প্রয়াত সুফিয়া খাতুন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।
মনন সাহিত্য সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান আরজু জানান, দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবদানের স্বীকৃতি হিসেবেই রফিকুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রফিকুল আলম বলেন, সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি দায়িত্ব। এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে।
আমন্ত্রণ/এজি
ধুনটে সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন রফিকুল আলম
অক্টোবর ২৯, ২০২৬
































