বগুড়া ব্যুরো :
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, একটি ছাগল কেবল তাৎক্ষণিক কোনো সহায়তা নয়; সঠিকভাবে লালন-পালন করতে পারলে এটি পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে। এর মাধ্যমে প্রান্তিক নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি সংস্থাটির চলতি প্রকল্পের ১১তম পর্যায়ের ছাগল বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তাদের পরনির্ভরশীলতা কমবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন, খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুল।
আলোচনা পর্ব শেষে এলাকার চিহ্নিত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল হস্তান্তর করা হয়। সহায়তার ছাগল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় অস্বচ্ছল নারীরা ছাগল পেল
অক্টোবর ৭, ২০২৬
































